অক্টোবর ১৩, ২০২৬, ১০:২০ এএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (১২ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ গোবিন্দপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) একটি বিশেষ টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী ওই এলাকায় পৌঁছায়। সেখানে তল্লাশি চালিয়ে কাউকে না পেয়ে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল অবৈধ সিরাপ উদ্ধার করেন টহল সদস্যরা। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব নিষিদ্ধ সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
উদ্ধার করা এই মাদকের চালান প্রসঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
একই সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা আপসহীন। ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন