বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়লেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাতীয় ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:০৮ পিএম

জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়লেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।আগামী ১ থেকে ১২ জুন পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের মূল পর্বে ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শ্রমমন্ত্রী এই সম্মেলনে দেশের বর্তমান শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও কর্মসংস্থানের বিষয়গুলো বিশ্বদরবারে তুলে ধরবেন। বিশেষ করে জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া শ্রম আইন সংশোধন ও এর মাধ্যমে শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতির বিষয়টি তার বক্তব্যে গুরুত্ব পাবে।

জেনেভা সফরকালে শ্রমমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে সরকারি প্রতিনিধি হিসেবে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ ছয়জন অংশ নিচ্ছেন।মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরাও সফরে রয়েছেন।

মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ নয়জন এবং শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।