শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার

জাতীয় ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ১০:৩৮ এএম

প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার

ছবি : সংগৃহীত

দেশের কৃষিখাতের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আদলে দেশজুড়ে নতুন করে হাজার হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন এবং পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে।নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি বিভাগে আধুনিক ও সমন্বিত ‘মডেল খাল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রাণমন্ত্রী এই তথ্য জানান। 

তিনি উল্লেখ করেন যে আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন বিভাগ থেকে মোট বিশটি খালকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এই মডেল খালগুলোতে শুধু পানি নিষ্কাশন ও ভূগর্ভস্থ পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে না, বরং খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ এবং হাঁস পালনের মতো লাভজনক সমন্বিত কার্যক্রম যুক্ত করে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করা হবে। 

আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট বিশ হাজার কিলোমিটার খাল খননের যে পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।আসাদুল হাবিব দুলু আরও জানান যে চলতি বছর দেশের সব উপজেলায় খাল খননের জন্য প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে প্রাক্কলন বা এস্টিমেট তৈরির কাজ শেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। 

শুষ্ক মৌসুমে খালের পানি কমে গেলে কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই খননকাজ সফলভাবে শেষ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির ফলে একদিকে যেমন জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার সমস্যা দূর হবে, অন্যদিকে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি গ্রামীণ অঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।