মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

ঢালিউড অ্যাওয়ার্ড জিতেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ১১:৪৩ পিএম

ঢালিউড অ্যাওয়ার্ড জিতেছেন শাকিব খান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। এবারের আসরে সেরা নায়কের সম্মাননা জিতেছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। একই সাথে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ আসরের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে। পুরস্কার বিতরণী মঞ্চে শাকিব খানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর ও অভিনেতা আফজাল হোসেনসহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্মাননা গ্রহণের পর শাকিব খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মনে হয় এই তো সেদিনের কথা, চলচ্চিত্রে এসেছিলাম। দেখতে দেখতে কিছুদিন আগেই রুপালি পর্দায় রজতজয়ন্তী সময় পার করেছি। এই আয়োজনে এসে দেখলাম তারা আমার চলচ্চিত্রে আগমনের ২৭ বছর উদযাপন করছে। এমন আকস্মিক আয়োজন দেখে দারুণ লেগেছে।

নিজের অভিনয় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, ক্যারিয়ারে বারবার নিজেকে ভেঙে গড়েছেন এবং দর্শক সেই রূপ সানন্দে গ্রহণ করে সিনেমা হলে ছুটে গেছেন। তাঁর কথায়, দর্শকই আসলে তাঁর সামনে এগিয়ে চলার মূল শক্তি। বাংলা সিনেমা যেভাবে বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়ছে, এই ধরনের আন্তর্জাতিক পুরস্কারের আসরও সেই ধারাবাহিকতাকে সমৃদ্ধ করছে। আয়োজনের মূল উদ্যোক্তা খোকন ভাইয়ের আহ্বানে এতে যুক্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কেবল নিজের পুরস্কার গ্রহণই নয়, বরং ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের মতো গুণীজনদের হাতে সম্মাননা তুলে দিতে পারার আনন্দও অনেক বড়।

গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রবাসী প্রতিষ্ঠান ‘শো-টাইম মিউজিক’-এর ব্যানারে দীর্ঘ ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে।

এবারের আসরে সর্বমোট সাতটি ক্যাটাগরিতে ৩৭ জন তারকাশিল্পীর হাতে তুলে দেওয়া হয় ঢালিউড অ্যাওয়ার্ড।

এর বাইরে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৩টি সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননা লাভ করেছেন রায়হান রাফি। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তমা মির্জা এবং শ্রেষ্ঠ খলনায়কের পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর। শিল্প ও সংস্কৃতিতে সামগ্রিক অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আফজাল হোসেন। এছাড়া গণমাধ্যম ও দেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে।

ছোটপর্দা বা টেলিভিশন বিভাগেও ছিল জনপ্রিয় তারকাদের উপস্থিতি। এ বিভাগে সেরা টিভি অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা টিভি অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পান অর্চিতা স্পর্শিয়া। দর্শকের জনপ্রিয়তার নিরিখে বিশেষ সেরা অভিনেত্রীর সম্মাননা পান সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি।

সংগীত শাখায় সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন শাহ মাহবুব এবং সেরা নারী কণ্ঠশিল্পী নির্বাচিত হন অঙ্কন ইয়াসমিন।

এছাড়া ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ বেশ কয়েকজন সংগীতশিল্পী এই আসরে পুরস্কৃত হন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রবাসী উদ্যোক্তাদের প্রত্যাশা, বিদেশের মাটিতে এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলা সিনেমা, গান ও নিজস্ব শিল্প-সংস্কৃতি বৈশ্বিক পরিমণ্ডলে আরও বেশি পরিচিতি ও সমাদর পাবে।