অক্টোবর ১৩, ২০২৬, ০৭:১০ পিএম
কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বিমান বাহিনীর ৩০১ সারফেস টু এয়ার মিসাইল ইউনিট এই মহড়া সফলভাবে পরিচালনা করে। মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান আকাশ প্রতিরক্ষা মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নিখুঁত লক্ষ্যভেদের মহড়া প্রত্যক্ষ করেন। সফলভাবে এই সামরিক মহড়া সম্পন্ন করার জন্য তিনি কার্যক্রমে অংশ নেওয়া সকল কর্মকর্তা ও বিমানসেনাদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা নিশ্চিতকরণে এই ধরনের পেশাদারিত্ব ও দক্ষতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান এবং অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জামাদি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সদস্যদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক সামরিক সরঞ্জামের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে তিনি বিশেষায়িত প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
মহড়া চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এবং সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ প্রশাসন এবং বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন