রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুফতি আমির হামজার ফেসবুক পেজে সাইবার হামলা, সতর্কবার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৫৪ এএম

মুফতি আমির হামজার ফেসবুক পেজে সাইবার হামলা, সতর্কবার্তা

ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিশিয়াল ফেসবুক পেজটি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছে তাঁর অ্যাডমিন প্যানেল। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে পেজটিতে এক জরুরি ঘোষণা ও সচেতনতা বার্তার মাধ্যমে জানানো হয় যে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেজে ভুয়া কপিরাইট স্ট্রাইক (Fake Copyright Strike) দিচ্ছে এবং আইডিটি হ্যাক করার জন্য বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এই ঘটনাকে দ্বীনি দাওয়াতের কাজে বাধা সৃষ্টি এবং আসন্ন নির্বাচনে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে স্তব্ধ করার অপপ্রয়াস হিসেবে দেখা হচ্ছে।মুফতি আমির হামজার অ্যাডমিন প্যানেল দাবি করেছে, কুষ্টিয়া-৩ আসনে শায়খের প্রতি সাধারণ মানুষের যে বিপুল সমর্থন ও ভালোবাসা তৈরি হয়েছে, তা দেখে হিংসার বশবর্তী হয়ে একটি নির্দিষ্ট মহল এই নোংরা পথ বেছে নিয়েছে। 

হ্যাক করার মাধ্যমে মূলত সাধারণ ভোটার ও সমর্থকদের কাছ থেকে তাঁকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানানো হয়। বার্তায় আরও বলা হয়েছে যে, তাঁরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে আইনি ও কারিগরি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। 

কোনো চক্রান্তই সত্যের পথ চলাকে থামাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।এই কঠিন সময়ে সমর্থকদের সতর্ক থাকার পাশাপাশি পাশে থাকার এবং দোয়া করার অনুরোধ জানিয়েছে অ্যাডমিন প্যানেল। উল্লেখ্য যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা অন্যতম আলোচিত প্রার্থী।

 নির্বাচনের মাত্র কয়েক দিন আগে তাঁর প্রধান প্রচার মাধ্যমে এমন সাইবার হামলা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর আগে জামায়াতের শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতার আইডি হ্যাক করার খবর পাওয়া গিয়েছিল, যা এখন নতুন মাত্রা পেল।