অক্টোবর ১, ২০২৬, ০৭:৫০ পিএম
চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সনদ জমা দেওয়া বাধ্যতামূলক প্রশাসনিক প্রক্রিয়া। এই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়া সাপেক্ষে ৪৯তম বিশেষ বিসিএসের প্রথম পর্যায়ের প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীদের পরবর্তী প্রজ্ঞাপন আগামী ৫ অক্টোবর জারি করা হবে।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচার চালানো হয়। এর ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রাঙ্গণে একধরনের অস্থিরতা তৈরির অপচেষ্টা লক্ষ্য করা গেছে।
তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগে বৈষম্য করা হচ্ছে বলে যে বিতর্ক তোলার চেষ্টা চলছে তা অমূলক। জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজব্যবস্থা গড়ে তোলা। সেই চেতনা অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে। কারও ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, কোনো নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন