বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৭:৪৬ পিএম

আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়ল

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ বাজারে। দেশটির স্থানীয় বাজারে পেট্রোল ও ডিজেলসহ সব ধরনের জ্বালানির দাম উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। নতুন দরসূচি অনুযায়ী দেশটিতে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

বৃহস্পতিবার থেকেই সারা দেশের সব ফিলিং স্টেশনে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে।আন্তর্জাতিক বাজারের দর ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে বুধবার রাতে এই সংশোধিত মূল্যতালিকা ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি মূল্য কমিটি।নতুন ঘোষিত তালিকা অনুসারে সবচেয়ে বেশি ব্যবহৃত ই-প্লাস ৯১ গ্রেডের পেট্রোলের দাম সেপ্টেম্বর মাসের প্রতি লিটার ৩ দশমিক ৬১ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ২১ দিরহাম নির্ধারণ করা হয়েছে। 

মোটরচালকদের বহুল ব্যবহৃত স্পেশাল ৯৫ গ্রেডের পেট্রোল বা অকটেনের মূল্য প্রতি লিটার ৩ দশমিক ৬৯ দিরহাম থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৮ দিরহামে। এ ছাড়া বাণিজ্যিক পরিবহন ও ভারী যানবাহনে ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ৪ দশমিক ৩০ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ৮০ দিরহাম করা হয়েছে। উচ্চগতির ইঞ্জিনে ব্যবহৃত সর্বোৎকৃষ্ট মানের সুপার ৯৮ পেট্রোলের দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। 

সেপ্টেম্বরে এই গ্রেডের তেলের দাম প্রতি লিটার ৩ দশমিক ৮০ দিরহাম থাকলেও অক্টোবরের জন্য তা নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৪০ দিরহাম। বছরের দশম মাসের এই সমন্বয়ের ফলে দেশটির পরিবহন ও পণ্য সরবরাহ খাতে পরিবহন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।