সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম
মাঠে আগাম জাতের আমন ধান কাটা শুরু হওয়ায় সবার আগে ঘরে নতুন ফসল তুলে উৎসবমুখর পরিবেশে নবান্ন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। সোনালী ধানের শীষে মাঠ ভরে ওঠায় কৃষক পরিবারের মাঝে বইছে আনন্দের হাওয়া। মাঠে ধান কাটার সময় কৃষক লেবু মার্ড্ডি জানান, তিনি আগাম জাত হিসেবে ব্রি ৭৫ জাতের ধান আবাদ করেছেন।
জমিতে সঠিক সময়ে পর্যাপ্ত সার পাওয়ায় রোগবালাইয়ের ঝামেলা ছাড়াই এবার ধানের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রতি বিঘায় প্রায় ২৫ থেকে ৩০ মণ হারে ধান ঘরে তোলার জোর আশা প্রকাশ করেন তিনি। ধান রোপণের সময় যেখানে ১০ জন শ্রমিক কাজ করেছিলেন, সেখানে দ্রুত ধান কেটে ঘরে তুলতে বর্তমানে মাঠে কাজ করছেন ৩২ জন কৃষি শ্রমিক। সবার আগে এই নতুন ধান ঘরে এনে পরিবার-পরিজন নিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠার কথা জানান এই কৃষক।
নতুন চালের ভাতের পাশাপাশি ঐতিহ্য অনুযায়ী হাঁস ও দেশি মুরগির মাংস দিয়ে মেয়ে, জামাই ও আত্মীয়-স্বজনদের দাওয়াত করে নবান্নের ভোজ আয়োজনের প্রস্তুতি চলছে ঘরে ঘরে। এদিকে ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিক দলের দলনেতা মামুন মার্ড্ডি জানান, তাঁদের দলে প্রায় ২৯ থেকে ৩০ জন শ্রমিক চুক্তিভিত্তিক কাজ করছেন। বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা চুক্তিতে ধান কেটে মাড়াইয়ের মাধ্যমে প্রত্যেকের দৈনিক গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হচ্ছে। ধানের শিষ বেশ পুষ্ট ও ওজনে ভারী হওয়ায় কৃষকের পাশাপাশি শ্রমিকরাও দারুণ খুশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন