সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০১:২৬ পিএম
শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের প্রতিবাদে এবং নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কালিতলায় এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন নবজীবন নারী উন্নয়ন সংস্থা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু নিখোঁজ, হত্যা ও পাচারের মতো অপরাধমূলক ঘটনা ক্রমাগত ঘটছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নিখোঁজ হওয়া শিশুদের দ্রুত সন্ধান নিশ্চিত করে তাদের অবিলম্বে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে সর্বোচ্চ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
একই সঙ্গে শিশুদের অপহরণ, হত্যা ও পাচারের মতো জঘন্য অপরাধ চক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর দাবি জানানো হয়। অনুষ্ঠিত এই মানববন্ধনে নবজীবন নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সচেতন নাগরিকরা সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন