শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ১১:২৭ পিএম

বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের সভা অনুষ্ঠিত

রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) আজ বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা দু'দেশের কৃষিখাত ও ব্যবসায়িক ক্ষেত্রে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, জাপানের সাথে বাংলাদেশের কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ কৃষিখাতে যে ২৫ বছরের প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে জাপানের সাথে সমন্বিতভাবে কাজ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

সভায় বাংলাদেশ ও জাপানের ১২টিরও বেশি বেসরকারি কোম্পানি তাদের কার্যক্রম উপস্থাপন করে। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের সাথে কৃষির বিভিন্ন উপ-খাতে কাজ করার এবং বিনিয়োগের জোরালো আগ্রহ প্রকাশ করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।

এছাড়াও কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার এবং সরকারি-বেসরসকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এই সভা দু'দেশের মধ্যে ভবিষ্যতে কৃষিক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।