নভেম্বর ২০, ২০২৫, ০৭:০৪ পিএম
সুস্বাস্থ্য সবার জন্য, কারো জন্য নয় ক্ষুধা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে কৃষকদের জন্য অধিক লাভজনক ও উন্নত জাতের ভুট্টাসহ বিভিন্ন শাকসবজির আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে বহুজাতিক প্রতিষ্ঠান 'বায়ার ক্রপ সায়েন্স'।
এই উন্নত জাতগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে তারা অধিক লাভবান হবেন এবং খাদ্যের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
গত বুধবার (১৯ নভেম্বর) দিনাজপুর সদরের কর্নাই গ্রামে ৫ একর জমির ওপর গড়ে তোলা গবেষণা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এই পরিদর্শনে স্থানীয় কৃষক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশ ঘটে।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন আদিবাসী নারীরা।এ সময় বায়ার ক্রপ সায়েন্সের এশিয়া মহাদেশের আঞ্চলিক প্রধান মিস মালু নাখরাইনার ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বায়ার ক্রপ সায়েন্সের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং হাবিপ্রবি'র গবেষক শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তারা।তারা প্রদর্শনী মাঠে উদ্ভাবিত ৪টি নতুন জাতের ভুট্টা (কেডিসি ৯২১৭, কেডিসি ৯১৬৫, কেডিসি ৯১৪৪ এবং কেডিসি ৯২৫৬) চাষের ক্ষেত্র পরিদর্শন করেন। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শসা এবং মরিচসহ বিভিন্ন কৃষিজ ফলনও প্রদর্শন করা হয়।
বায়ার ক্রপ সায়েন্সের গবেষকরা জানান, নতুন উন্নত জাতের ভুট্টার বিশেষ বৈশিষ্ট্য হবে—ঝড়ের বিরুদ্ধে অসাধারণ দাঁড়ানোর ক্ষমতা, অধিক ফলনশীলতা, লম্বা ও সম-আকৃতির মোচা, আকর্ষণীয় কমলা রঙের দানা এবং পাতাপোড়া ও কাণ্ড পচা রোগ সহনশীলতা।পরিপক্ক হওয়ার পর এই ফসল সংগ্রহ করা হয়। রবি মৌসুমে ভুট্টা চাষ করলে সর্বাধিক ফলন পাওয়া যায়, যা প্রতি হেক্টরে ১৩ থেকে ১৪ টন পর্যন্ত হতে পারে। এই জাতগুলো অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বপন করতে হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন