রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বিরলে আলু বপন কর্মসূচির উদ্বোধন: ‍‍`এবার আবাদে খরচ কম পড়বে‍‍`

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৫৩ পিএম

বিরলে আলু বপন কর্মসূচির উদ্বোধন: ‍‍`এবার আবাদে খরচ কম পড়বে‍‍`

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় উন্নত জাতের আলু বীজ উৎপাদনে আলু বপন কর্মসূচির উদ্বোধন করেছে বিএডিসি। বিরলের রসুলশাহাপুর ব্লকের পুরিয়া গ্রামে কৃষক মতিউর রহমানের জমিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন দিনাজপুর বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (আলু বীজ) কৃষিবিদ আবু জাফর মো. নেয়ামত উল্লাহ। এ সময় সহকারী পরিচালক মোসা. সুলতানা রাজিয়া ও সহকারী পরিচালক সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক কৃষিবিদ আবু জাফর মো. নেয়ামত উল্লাহ জানান, ব্রি ধান-৭৫ উঠার সঙ্গে সঙ্গেই সেখানে এক্সাটারিজ ও সানতানা নামের দুটি জাতের আলু বীজ বপন করা হচ্ছে।

সানতানা আলুটি নতুন জাত (বিএডিসি আলু-৩) নামে পরিচিত। এটিতে ড্রাইমেটার প্রায় ২২ ভাগ থাকায় শিল্পে ব্যবহারের উপযোগী।তিনি আরও জানান, এবার আলুর বীজের দাম অনেক কম থাকায় কৃষকদের আবাদ করতেও অনেক খরচ কম পড়বে। আলুর উৎপাদন বাড়ানো গেলে তা রপ্তানি করা সম্ভব হবে। সরকার উৎপাদন বৃদ্ধির জন্য কৃষককে ভর্তুকি মূল্যে সার প্রদান করছে এবং ঋণ সহায়তাও দেওয়া হচ্ছে।

কৃষক মতিউর রহমান জানান, এই জমিতে তিনি বিএডিসি থেকে বীজ আলু উৎপাদন করে থাকেন এবং উৎপাদিত আলু বিএডিসিতে বীজ হিসেবে সরবরাহ করেন। তিনি ব্রি-৭৫ ধান উৎপাদনের পর আলু উৎপাদন শেষে আবার ইরি-বোরো ধান রোপণ করতে পারবেন। দো-ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্যই এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।কৃষক মতিউর রহমান আফসোস করে জানান, গত বছর আলুতে ক্ষতি হয়েছে। তিনি বিএডিসির নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ করেন, আলুর সঠিক মূল্য নির্ধারণ কমিটিতে যেন একজন কৃষক প্রতিনিধি রাখা হয়।