শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৬:৩৬ পিএম

পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা

মুগ ডাল চাষের দৃশ্য

পটুয়াখালী জেলাজুড়ে চলতি মৌসুমে মুগ ডালের ব্যাপক ফলনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলীয় এই জেলার বিভিন্ন উপজেলায় মাঠের পর মাঠ সবুজের সমারোহ দেখে বড় ধরনের লাভের স্বপ্ন বুনছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা, সঠিক সময়ে বীজ বপন এবং রোগবালাইয়ের প্রকোপ তুলনামূলক কম হওয়ায় এবার বাম্পার ফলনের আভাস দিচ্ছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি রবি মৌসুমে পটুয়াখালী জেলায় মোট ৮৬ হাজার ৬৯২ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ সম্পন্ন হয়েছে। যদিও এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৮ হাজার হেক্টর।

 সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় তরমুজ চাষের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় মুগ ডালের আবাদি জমির পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কমেছে। তবে লক্ষ্যমাত্রা 

পূরণ না হলেও বর্তমানে মাঠের যে অবস্থা, তাতে হেক্টর প্রতি উৎপাদনের হার অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামের কৃষক আবদুল রহিম জানান, এবার আবহাওয়া মুগ চাষের জন্য খুবই সহায়ক ছিল। গাছের বৃদ্ধি যেমন সতেজ, তেমনি পোকা-মাকড়ের আক্রমণও অনেক কম। 

 

বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাস না এলে এবার ভালো মুনাফা ঘরে তোলা সম্ভব হবে। একই এলাকার বগা ইউনিয়নের কৃষক শাহালম মীরা জানান, সরকারি পর্যায় থেকে সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় তাদের চাষাবাদে খরচ ও ভোগান্তি দুটিই কমেছে। তবে বাজার দর ভালো পাওয়া গেলে কৃষকরা আরও লাভবান হতে পারবেন।