মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

ফিড ও বাচ্চার দাম বাড়ায় খামারির লাখ টাকা লোকসান

কৃষি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ১১:৫১ এএম

ফিড ও বাচ্চার দাম বাড়ায় খামারির লাখ টাকা লোকসান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে চরম লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে খামার পরিচালনা করতে গিয়ে এখন অনেকেই সর্বস্বান্ত হওয়ার পথে রয়েছেন।

উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দীর্ঘদিনের পোলট্রি খামারি মো. খলিলুর রহমান জানান, বাচ্চার দাম ও ফিডের বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি একটি শেড ভাড়া নিয়ে প্রায় ৩০ হাজার কালারবার্ড ও ক্লাসিক সোনালি মুরগি পালন করছেন। এতে তার খরচ হয় প্রায় ৫০ থেকে ৫৫ লাখ টাকা। একটি মুরগি ২ মাস ১০ দিন লালনপালনের পর ১ কেজি মাংস উৎপাদন করতে খরচ পড়ছে ২১০ থেকে ২১৫ টাকা। কিন্তু বাজারে সেই অনুযায়ী রেডি মাংসের দাম না থাকায় প্রতিটি ব্যাচেই তাকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।

গত একটি ব্যাচে ৫৬ লাখ টাকা খরচ করে মাত্র ৪৪ লাখ টাকার মুরগি বিক্রি করেছেন এই খামারি। এতে তার এক ব্যাচেই ক্ষতি হয়েছে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। অংশীদারের সঙ্গে মিলে বর্তমানে তিনি প্রায় দেড় লাখ মুরগি পালন করছেন, যা পুরো উত্তরবঙ্গের মাংসের চাহিদার একটি বড় অংশ মেটায়।

খামারিদের অভিযোগ, আন্তর্জাতিক সংকটের অজুহাত দেখিয়ে ফিডের বস্তায় ১২৫ টাকা বাড়ানো হলেও পরে তা আর কমানো হয়নি। বাচ্চার দামও বাজারের ইচ্ছামতো ওঠা-নামা করে। অথচ সেই অনুপাতে বাজারে প্রস্তুতকৃত মাংসের দাম বাড়ে না।

এই লোকসান থেকে বাঁচতে খামারিরা কৃষি খাতের মতো পোলট্রি শিল্পেও বিদ্যুতের বিলে ২০ শতাংশ ছাড়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পোলট্রি ফিড, বাচ্চা এবং প্রস্তুতকৃত মাংসের বাজারদর সরকার কর্তৃক সুনির্দিষ্ট করে দেওয়ার দাবি তুলেছেন তারা।