নভেম্বর ৯, ২০২৫, ১১:০১ এএম
গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৮ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে ব্রি. জে. (অব:) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশন ৫০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ এবং নগদ ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করে।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচার বিভাগ সংস্থার কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান বলেন:মেধা অনেকেরই থাকে। শুধু মেধা থাকলেই হবে না, যে শিক্ষায় দেশের উন্নতি হবে, সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।"তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সততা, পরিবার এবং দেশের প্রতিও ভালোবাসা থাকা লাগবে, তবেই তারা সফল মানুষ ও আলোকিত মানুষ হবে।
সভাপতির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে তরুণদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তরুণদের মেধার বিকাশ ঘটাতে হবে।অনুষ্ঠানে গাজীপুর-৪ নির্বাচনি এলাকার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন