নভেম্বর ১১, ২০২৫, ০৮:২৭ পিএম
রাজধানী ঢাকায় আবারও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে তারা সূত্রাপুরে বাসে আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারা বা কীভাবে এই আগুন লাগিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে এটি বাসে আগুনের প্রথম ঘটনা নয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এর আগে গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুটি এবং উত্তরা এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এছাড়া সোমবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আরও তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় নগরবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সারাদেশ জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন