শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত সালমা বেগমের

ফাহিম হোসেন রিজু

নভেম্বর ১২, ২০২৫, ০২:০৭ পিএম

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত সালমা বেগমের

ছবি-দিনাজপুর টিভি

দীর্ঘ দুই বছর ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গৃহবধূ সালমা বেগম। নব-মুসলিম স্বামী রাকিব সরকারের চিকিৎসার খরচ মেটাতে না পেরে জীবনের শেষ অবলম্বন বিসর্জন দেওয়ার এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্বামী রাকিব সরকারের চিকিৎসার খরচ মেটাতে ইতিমধ্যে সালমা নিজের গয়না ও যা কিছু সঞ্চয় ছিল সব বিক্রি করেছেন। এছাড়াও, ঋণ করে, এমনকি রক্ত বিক্রি করেও এই সাহসী নারী স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন। কিন্তু এখন সব পথ যেন বন্ধ।

বিপুল অর্থের অভাবে চিকিৎসা থেমে যাওয়ায় প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এই মোটরসাইকেল মেকানিক।

কান্নাজড়িত কণ্ঠে সালমা বলেন:সব বিক্রি করেছি, ঋণ করেছি, এখন কিছুই বাকি নেই। শুধু চাই আমার স্বামীটা যেন বাঁচে। প্রয়োজনে নিজের কিডনিও বিক্রি করবো তাঁর চিকিৎসার জন্য।"চিকিৎসকেরা জানিয়েছেন, রাকিবকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা জরুরি, যার জন্য প্রয়োজন বিপুল অর্থ।

ছোট ছোট সন্তানদের মুখের দিকে তাকিয়ে রাকিবকে বাঁচাতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।অসহায় সালমা বেগম সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে তাঁর স্বামীকে বাঁচাতে আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন।

যোগাযোগের নম্বর (রাকিবের পরিবার): 01304619189