বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পের জেরে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ জন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১১:৫৮ এএম

ভূমিকম্পের জেরে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

কসাইটুলীর একটি ৫ তলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকার অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু কসাইটুলীতে রেলিং ধসের এই ঘটনাটি ভূমিকম্পের পর প্রথম হতাহতের খবর। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরনো ও দুর্বল ভবনের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনা দুর্যোগের সময় পুরনো ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এল।