বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ০৫:৫৬ পিএম

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্নে দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, তাদের প্রধান লক্ষ্য হলো এবার দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়া।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে শামীম সাঈদী বলেন, ১৯৭১ এবং পরবর্তী ২০২৪ সালের আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন, তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন।

তিনি সংখ্যালঘু শব্দ ব্যবহার করে তাদের ব্যারিকেডের মধ্যে রাখতে চান না। তিনি নিশ্চিত করেন, মসজিদ যেমন পাহারা দিতে হয় না, ভবিষ্যতে মন্দিরও পাহারা দিতে হবে না, তা সবার জন্য উন্মুক্ত থাকবে। এসময় তিনি ঢাকায় ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎকে স্মরণ করেন।জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর কখনও কোনো দুর্নীতির রেকর্ড ছিল না বলে দাবি করে মাসুদ সাঈদী বলেন, কেউ যদি ৩ থেকে ৪ কোটি টাকা খরচ করে নির্বাচিত হন, তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না।

তিনি প্রশ্ন তোলেন, যদি আপনার ভোট কিনেই নেওয়া হয়, তাহলে কেন তারা এলাকার উন্নয়ন করবে? তিনি আক্ষেপ করে বলেন, ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়। বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হাসিনা সরকার যেভাবে ভোট দেওয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। যদি এভাবে ভোট হয়, তাহলে কানাডায় বেগমপাড়া হয়েছে, এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

মাসুদ সাঈদী পরিশেষে যারা দাঁড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করেন। তিনি পরিবার, বন্ধু ও আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দেওয়ার জন্য জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান।