নভেম্বর ২১, ২০২৫, ০৬:৫৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি এবং যতদিন পর্যন্ত দেশে ন্যায়-ইনসাফ কায়েম না হবে, ততদিন তাদের সংগ্রাম চলবে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে সেই ইনসাফ প্রতিষ্ঠিত করার।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি। সমাবেশটির আয়োজন করা হয় উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
সাদিক কায়েম দেশের প্রচলিত রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করে, তারা রাজনীতি নিয়ে মূলত ব্যাবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। এমনকি দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করার দৃষ্টান্তও রয়েছে। তিনি নতুন ধরনের রাজনীতির দৃষ্টান্ত সৃষ্টি করতে চান, যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য এবং ইসলামের জন্য। চিকিৎসার ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি হাসপাতালগুলোকে সিন্ডিকেটমুক্ত করার দাবি জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় চলে এসেছে। তিনি সতর্ক করেন, কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে নির্বাচন নিয়ে কোনো ম্যাকানিজম করতে চান, তাহলে নির্বাচনের দিন তাদের অবস্থাও ভয়াবহ হবে। তিনি আরও বলেন, এখনো শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করবে কেবল তারাই, যারা বাংলাদেশপন্থি।
ডাকসুর ভিপি জুলাই বিপ্লবে তার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবের শুরু থেকেই তারা যুক্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, যৌক্তিক আন্দোলন করার পরও 'খুনি হাসিনা' তাদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেছিলেন। এমনকি হাসপাতালে নেওয়ার পরও তাদের ওপর হামলা চালানো হয়। সেসময় জামায়াত নেতা মসলেহ উদ্দিন ফরিদ সহযোগিতার হাত বাড়িয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন এবং তাকে জুলাইয়ের যোদ্ধা আখ্যা দেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে সাদিক কায়েম যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে জেতানোর জন্য আহ্বান জানান। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজিত এই গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন