নভেম্বর ২৪, ২০২৫, ০১:৪০ পিএম
বগুড়ার শেরপুরে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার শেরপুরের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে সাহাবুল হাসান (২০)। এই দুজনই এইচএসসি পাস করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে মেহেদি, সাহাবুল ও উৎসব মোটরসাইকেল চালিয়ে আসছিল। ঘাটপারে আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানঘরের শাটারে সজোরে ধাক্কা লাগে।
এতে মেহেদি ও সাহাবুল গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা অপর বন্ধু উৎসব চক্রবর্তীও (২০) আহত হন।শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
আহত উৎসব চক্রবর্তী সাংবাদিকদের জানান, তারা তিনজনই এইচএসসি পাস করেছেন। বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এতেই এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন