বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাউল শিল্পী আবুল সরকারের মেয়ের আবেগঘন স্ট্যাটাস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১১:০৪ পিএম

বাউল শিল্পী আবুল সরকারের মেয়ের আবেগঘন স্ট্যাটাস

আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের পরিবার বর্তমানে চরম দুঃসহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই ভাঙাচোরা অনিশ্চয়তার মাঝে পরিবারের নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তুলে ধরে বাউল শিল্পীর মেয়ে ইনিমা রোশনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে ইনিমা রোশনি লিখেছেন, "আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি।

যারা এই দুঃসময়কে আরও দুর্বিষহ করে তুলছেন, তাদের কাছে কিছুই বলার নাই। শুধু চাই— কারও জীবনে যেন এই রকম দুঃসময় না আসে।

 তিনি আরও উল্লেখ করেন, পরিবারের সবাইকে নিয়ে এখন জীবন–ঝুঁকির ভেতর দিয়ে চলতে হচ্ছে। প্রতিদিন মাথায় এই চিন্তা নিয়ে থাকতে হচ্ছে যে, কারা কখন এসে তাদের ঘর ভেঙে দেবে বা পরিবারের কারো ওপর আঘাত হানবে। তিনি বলেন, "অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে, সামলানো কঠিন হয়ে পড়ছে।"এই অসহায় মুহূর্তে যারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইনিমা। তিনি লেখেন, "যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে এসেছেন, তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ।

যে বাউল ভাইয়েরা আজ আহত হয়েছেন, তারা আসলে আমাদের পরিবারই। আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের জন্যই দাঁড়িয়ে থাকি।" সবশেষে, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, "আপনারা আমাদের জন্য দোয়া করবেন— যেন আমরা নিরাপদ থাকি, সুস্থ থাকি।"উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকার ‘খালা পাগলির মেলার’ এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরদিন ২০ নভেম্বর বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।