নভেম্বর ২৫, ২০২৫, ০৪:১১ পিএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওই এলাকার শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন এবং চরম বিশৃঙ্খল ও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেন।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, এতে কারখানার অভ্যন্তরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের বারবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। এ ছাড়া কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে। এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
নোটিশে এও বলা হয়, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানিয়েছেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন