শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো তথ্য সংগ্রহ ও অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৩০ পিএম

পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো তথ্য সংগ্রহ ও অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে একদিনের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় তথ্য সংগ্রহ, যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ ইউনিট অফিস পঞ্চগড়ের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় পরিচালিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মো. আতিকুর রহমান আতিক, সিএম নার্গিস বেগম প্রমুখ।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ ও সামসউদ্দীন চৌধুরী কালাম।প্রশিক্ষণে সাংবাদিকতার মূলনীতি ও নীতিশাস্ত্র, তথ্য সংগ্রহ ও যাচাইকরণ, সংবাদ লেখা ও সম্পাদনা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য অধিকার আইন সহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা থেকে মোট ২৫ জন যুব ফোরাম সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তাদের উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মাধ্যমে আরও কার্যকরভাবে জনসচেতনতা তৈরি করা এবং তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করা।