শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৯ পিএম

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের পানির তীব্র সংকটের কারণে চরম বেগ পেতে হচ্ছে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টায়ও বস্তিতে আগুন জ্বলছিল।

পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে মোট ১৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে আগুন লাগে।

প্রথমে যানজট ঠেলে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বস্তি এলাকায় পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এই কারণে পানির ট্যাংকারসহ আরও তিনটি ইউনিট যোগ দিলে মোট ১৯টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে নামানো হয়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ঘটনাস্থলে পানির সংকটের কারণেই ইউনিট বাড়িয়ে ১৯টি করা হয়েছে। তাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।বস্তির ঘরগুলো সাধারণত টিন, বাঁশ, কাঠ ও লোহা দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা ছড়িয়ে পড়ে এবং শতাধিক ঘর পুড়ে গেছে। আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন, ঘরের শেষ সম্বলটুকু সরিয়ে নিয়েছেন। বেশিরভাগ বস্তিবাসী পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর হওয়ায় আগুনের কারণে তারা সর্বস্ব হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস সদস্যরা একদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, অন্যদিকে পানির অভাবে আগুন ছড়িয়ে পড়ছে।তাৎক্ষণিকভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত আর্থিক পরিমাণ জানা যায়নি।