শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

‘কবর থেকে মানুষ ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১২:৫২ পিএম

‘কবর থেকে মানুষ ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে কখনও ফিরে আসতে পারে না, তেমনি শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান।

মামুনুল হক অভিযোগ করেন, ছাত্ররা যখন তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চায়, তখন তাদের রাজাকার বলে গালি দেওয়া হয়। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে বলেন, "ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না।"

তিনি দেশের কল্যাণে অবদান রাখতে চাইলে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জুলাই বিপ্লবের সময় আমার দামাল ছেলেদের খুন করা আপনাদের গুণ্ডা বাহিনী, ২০১৩ সালে শাপলা চত্বরে নবী প্রেমিক হেফাজতের আলেম-ওলামাদের শহীদ করেছে—সেইসব খুনি-মাস্তানদের পরিত্যাগ করেন।" যারা ভালো আছেন, তারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে শামিল হয়ে দেশের কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে মামুনুল হক বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য এই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তিনি প্রশ্ন করেন, "জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে মাটির সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদের ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি?" এজন্য তিনি শুরু থেকেই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করার কথা বলছেন।

এছাড়াও, তিনি হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে আশ্বস্ত করেন যে, আগামী দিনে যদি খেলাফত মজলিস ক্ষমতায় যেতে পারে, তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই করতে পারবেন।