শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

তিন দিনব্যাপী মাহফিল শুরু, উদ্বোধনী বয়ান করলেন চরমোনাই পীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৫২ পিএম

তিন দিনব্যাপী মাহফিল শুরু, উদ্বোধনী বয়ান করলেন চরমোনাই পীর

বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, বলেছেন—আল্লাহর সৃষ্টি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব ও কাজ দিয়ে। মানুষ সেই দায়িত্ব পালন করে কিনা, তার জন্য দুনিয়া একটি পরীক্ষা কেন্দ্র।

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যেই মানুষের সফলতা-ব্যর্থতা নির্ভর করে।বুধবার (২৬ নভেম্বর) জোহরের নামাজের পর তিনদিন ব্যাপী অগ্রহায়ণের মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই সতর্ক করে দিয়ে বলেন, এই মাহফিলের কোনো দুনিয়াবি উদ্দেশ্য নেই, বরং আল্লাহর দেওয়া দায়িত্ব-কর্তব্য সম্পর্কে মানুষকে সতর্ক করে দেওয়াই এই তরিকার কার্যক্রম।

তিনি বলেন, "মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ।" তিনি আহ্বান জানান, যারা দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য এসেছেন, তারা যেন নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করেন।তিনি বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দিন। তিনি আরও বলেন, ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই সত্যিকারের মুক্তি আসবে।

মাহফিল উপলক্ষে লক্ষ লক্ষ মুসল্লির আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।চিকিৎসা সেবা: আগত মুসল্লীদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট স্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরও ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। এছাড়াও ১০টি অ্যাম্বুলেন্স ও ২টি নৌ অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে।

প্রশিক্ষণ: বুধবার সকাল ৮টা থেকে মাহফিলে আগত মুসল্লীদের কয়েক হাজার হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।শৃঙ্খলা ও নিরাপত্তা: মাহফিলের শৃঙ্খলা রক্ষায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর স্পেশাল টীম।

আগামী ২৯ নভেম্বর ২৫ শনিবার সকাল ৮.৩০টায় হযরত পীর সাহেব চরমোনাই'র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বিশাল মাহফিলের কার্যক্রম শেষ হবে।