নভেম্বর ২৭, ২০২৫, ০৮:১৭ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, "আমরা বুঝে ফেলেছি, পুরোনো বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। এ ধোঁকায় বাংলাদেশের মানুষ আর পড়বে না।
আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি, আর নয়। দেশকে মুক্ত করতে হবে।"চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম আগামীর নির্বাচনে পরিবর্তন আসতেই হবে জানিয়ে বলেন, "৫৩ বছর দেশ যারা পরিচালনা করেছে।
যেই নীতি-আদর্শের মাধ্যমে চলছে, এ নীতি-আদর্শে চোরের দিক থেকে আমরা চ্যাম্পিয়ান হয়েছি। হাজার হাজার মা সন্তান হারা হয়েছে।" তিনি অভিযোগ করেন, পুরোনো নীতি-আদর্শে দেশ চালানো দলগুলো আবারও ক্ষমতায় গিয়ে সেই চরিত্র বাস্তবায়ন করতে চাইছে।এ সময় চরমোনাই পীর স্পষ্ট করে বলেন, "আমি কিন্তু কোথাও প্রার্থী হইনি। কেন্দ্রীয় সিদ্ধান্তে হবও না। সারা দেশে আমার সফর করতে হবে।
তিনি জানান, দিন-রাত নিজের পকটের টাকা খরচ করে পাগলের মতো ঘুরছেন। এর পেছনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য আছে—সেটা হলো, তাঁরা এ দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন এবং মানুষকে ভালোবাসেন।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম-ওলমারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করেন চরমোনাই পীর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন