ডিসেম্বর ১, ২০২৫, ০৮:০৩ পিএম
২০২০ সালে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়েছে। বন্ধ চিনিকলটি পুনরায় দ্রুত চালু করার দাবিতে সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম।
সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালীফ্লাড, উপজেলা জামায়াত নেতা কাজী নূর আলম প্রমুখ।সূচনা বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্যসচিব সোহাগ হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাজিউর রহমান রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ছাত্র নেতা ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় ছয় চিনিকল বন্ধ করে দেয়। ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকারের রাষ্ট্রীয় শিল্পবিরোধী নীতি ও নির্দেশে ছয়টি চালু চিনিকল একযোগে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যা দেশের শিল্পখাতের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনে। এতে হাজারো আখচাষি, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েন।
বক্তারা আরও বলেন, "অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করলেও এখন পর্যন্ত অর্থ ছাড় না হওয়ায় আমরা ক্ষোভ প্রকাশ করছি।" তাঁরা বলেন, "চিনিকল এলাকার মানুষ বহু বছর ধরে দুর্দশায় দিন কাটাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ ও জনগণের অধিকার রক্ষায় চিনিকল পুনরায় চালু করা এখন সময়ের দাবি। অবিলম্বে বরাদ্দের অর্থ ছাড় দিতে হবে এবং দ্রুত চিনিকল চালুর কার্যক্রম শুরু করতে হবে।
মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবীসহ দলমত নির্বিশেষে স্থানীয়রা অংশ নেন।মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ চিনিকল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুনসুর আলী।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন