ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:০১ পিএম
ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ার সুপারমার্কেটে লাগা ভয়াবহ আগুন ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে ওই বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সবশেষ ২০টি ইউনিট। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ওই ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাবালে নূর টাওয়ার সুপারমার্কেটটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও এগুলোর বেজমেন্ট ছিল একটিই। এটি বাণিজ্যিক ও আবাসিক উভয় ধরনের কাজে ব্যবহৃত হচ্ছিল। জানা গেছে, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান এবং ছোট ছোট ঝুট গোডাউন ছিল। ওপরের তলাগুলোতে ছিল আবাসিক কোয়ার্টার।ফায়ার সার্ভিস জানিয়েছে, বেজমেন্টে প্রবেশপথ ছিল মাত্র দুটি।
আগুন নেভানোর জন্য বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে ফায়ার কর্মীদের। যা আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যাওয়ার অন্যতম কারণ।ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন