বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদির হামলাকারীর ‘শেকড়’ উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:২০ পিএম

ওসমান হাদির হামলাকারীর ‘শেকড়’ উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী যত প্রভাবশালী বা শক্তিশালী হোক না কেন, তার শেকড় টেনে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিথীয়া গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন,হাদির ওপর আক্রমণ যে বা যারাই ঘটাক আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর যত শেকড় থাক না কেন সমস্ত শেকড় টেনে তুলে ফেলা হবে।”

অ্যাটর্নি জেনারেল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য বদ্ধ পরিকর। যত বাধা প্রাচীর আসুক নির্বাচন কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন,বাংলাদেশে যারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, যারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে অন্যতম অগ্রদূত ছিল শরিফ ওসমান হাদি। হাদি আততায়ীর গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

মো. আসাদুজ্জামান এই সভা থেকে ঘোষণা দেন যে তিনি অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে এমপি প্রার্থী হতে যাচ্ছেন।তিনি বলেন, “আমি সবকিছু ছেড়ে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। একজন ভোটপ্রার্থী হিসেবে যখন ফিরে আসব আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে। ... আমি যেন আপনাদের মাঝে এসে আমার সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আপনাদের সেবা করতে পারি।”

এ সময় খুলনা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।