ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৩ পিএম
সুনামগঞ্জ-৩ আসনে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন এসেছে। জমিয়ত ছেড়ে এবার আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন জগন্নাথপুরের ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত নেতা সৈয়দ তালহা আলম। মঙ্গলবার রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে।
দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে তালহা আলম একজন অত্যন্ত প্রভাবশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত।
বক্তৃতানির্ভর রাজনীতির বাইরে গিয়ে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক সংকটে মানুষের পাশে থাকায় সাধারণ মানুষের কাছে তিনি একজন ‘ফিল্ড লিডার’ হিসেবে প্রতিষ্ঠিত।
তাঁর এই যোগদানের ফলে জেলাজুড়ে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।এবি পার্টিতে যোগদান প্রসঙ্গে সৈয়দ তালহা আলম বলেন, “এবি পার্টি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়। সাম্য, সামাজিক মর্যাদা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই দলটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই যোগ দিয়েছি। তিনি আরও নিশ্চিত করেছেন যে, আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়তে চান।
বিশ্লেষকদের মতে, তালহা আলমের অতীত রাজনৈতিক ভূমিকা এবং জুলাই আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ পরিবর্তনকামী ও তরুণ ভোটারদের কাছে তাঁকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। এবি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের মতে, তালহা আলমের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় দলীয় সংগঠন পুনর্গঠন এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হবে।
সৈয়দ তালহা আলমের এই সিদ্ধান্ত যেমন তাঁর স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়কে শক্তিশালী করবে, তেমনি জাতীয় পর্যায়ের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের শক্তি ব্যবহার করে নির্বাচনী মাঠে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন