ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৫৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় একটি গ্রামীণ ব্যাংকের মেইন গেটের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ককটেলগুলো উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংকের (পলাশবাড়ী শাখা) প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল।পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ দলের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই কেউ এগুলো সেখানে রেখে যেতে পারে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ককটেলগুলো পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের নির্দেশক্রমে এগুলো আনুষ্ঠানিকভাবে নিষ্ক্রিয় করা হবে। জড়িতদের শনাক্ত করতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন