আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড়ে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোদা পৌরসভার ভাসাইনগর এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বুলডোজার ব্যবহার করে ‘মেসার্স এম এম এল ব্রিক্স’ ও ‘মেসার্স এস এ আর ব্রিক্স’ নামক দুইটি ইটভাটার চিমনি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।
পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে ভাটা দুটির কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করে দেন।
অভিযানে নেতৃত্ব দেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমান। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এসব ভাটা পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।