বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৪৬ পিএম

বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না। বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণায় হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমরা কারো সাথে প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের মাঝে কেবল ভালো কাজের প্রতিযোগিতা থাকবে।

আপনারা নির্ভয়ে আপনাদের ভোট দিবেন, কোনো মারামারিতে জড়াবেন না। যারা মারামারি করে, তারা কেবল তাদের দলের উগ্রতাকে উপস্থাপন করে।

অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, অনেক নেতা ফোন দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। যারা ভয় দেখায়, বুঝতে হবে তাদের গদি নড়ে গিয়েছে। তিনি আরও বলেন:আমাদের যারা বিরোধিতা করছে, তারা বুঝতে পেরেছে যে আমাদের মাধ্যমে তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মামলাবাজির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্যই তারা আমাদের সাথে বিরুদ্ধাচরণ শুরু করেছে।

তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট। তাঁরাই আমাকে প্রথমে রক্ষা করবেন। এছাড়া বিএনপি ও জামায়াতের তৃণমূলের নেতা-কর্মীরাও ফ্যাসিবাদ বিরোধীদের ডাল হয়ে রাস্তায় দাঁড়াবেন।”

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহ গত কয়েকদিন ধরে দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নে নিবিড় গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই প্রচারণায় দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।