ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৩৩ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে নিষিদ্ধ করার পাশাপাশি ভয়ংকর পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়।
ভাইরাল হওয়া ওই পোস্টে রুপক নন্দী সরাসরি হান্নান মাসউদকে উদ্দেশ্য করে লিখেছেন:
“হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে (পিচ্চি আজাদ) যারা ভালোবাসেন, তারা হান্নান মাসউদকে ছাড় দেবেন না। এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়।একই সময়ে আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি জনৈক এনসিপি কর্মীকে মেসেঞ্জারে চরম উসকানিমূলক বার্তা পাঠান। তিনি লেখেন, “আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা।
এই হুমকিতে মোটেও শঙ্কিত নন জানিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন:জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার গুলির মুখে আমরা ভয় পাইনি, সেখানে এসব সন্ত্রাসীদের তোয়াক্কা করি না। প্রশাসন শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিলে তারা এত বড় সাহস পেত না। আজ হাদির মতো একজন নেতাকে হত্যা করা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সম্প্রতি আব্দুল হালিম আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার গুঞ্জন শুরু হলে তাঁর অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর দায় হান্নান মাসউদের ওপর চাপিয়ে এ ধরণের হুমকি দিতে শুরু করে। এই ঘটনায় হাতিয়ার সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন