শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৫৫ পিএম

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এই ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে আলোচনার একপর্যায়ে দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননামূলক মন্তব্যের অভিযোগ ওঠে।

এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিপুর মৃত্যুর পর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। উত্তেজিত জনতা মরদেহটি মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে মরদেহটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে পুনরায় আগুন দেওয়া হয়। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানান:কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, নতুন বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।