ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪৩ পিএম
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও আধিপত্যবাদবিরোধী ছাত্রনেতা শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তাঁর ছোট বোন মাসুমা হাদির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বড় গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করা হয়েছে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে হাদির বোন মাসুমা হাদির স্বামী আমির হোসেন হাওলাদার জানান।
ঢাকা-৮ আসন এবং হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটির সাধারণ মানুষ হাদির পরিবারের কাউকে নির্বাচনে দেখতে চাইছেন। তাঁরা জনগণের এই দাবিকে সম্মান জানালেও নির্বাচনে আসার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুমা হাদির প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে পরিবারের সব সদস্য এবং ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। এর আগে শুক্রবার সকালেই ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তাঁরা স্লোগান দেন যে, হাদির অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তাঁর বোনকেই রাজপথে ও সংসদে প্রয়োজন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। হাদির মৃত্যুর পর তাঁর নির্বাচনী এলাকায় শূন্যতা তৈরি হওয়ায় ভক্ত ও অনুসারীরা তাঁর বোন মাসুমা হাদিকে সেই আসনে স্থলাভিষিক্ত করার দাবি তুলছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন