বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় চারটি গাড়ির পর্যায়ক্রমিক সংঘর্ষে এক নারী ও তাঁর ১০ মাস বয়সি শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাঁর শিশুকন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরে ফিরছিলেন। তাঁদের বহনকারী সাদা রঙের গাড়িটি ফ্লাইওভারের কাছে পৌঁছলে সামনে থাকা একটি ঢাকাগামী ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরেকটি লাল রঙের প্রাইভেটকার সাদিয়ার গাড়িকে ধাক্কা দেয় এবং একই সময়ে একটি দ্রুতগামী বাস লাল প্রাইভেটকারটিকে সজোরে আঘাত করে। এই চতুর্মুখী সংঘর্ষে সাদা প্রাইভেটকারে থাকা সাদিয়া ও তাঁর শিশুকন্যা ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে গোড়াই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।