আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:২৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
তীব্র শীতে কাঁপছে হিমালয় কন্যা পঞ্চগড়। হাড়কাঁপানো এই ঠান্ডায় সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন রেলওয়ে স্টেশনে আশ্রয় নেওয়া ছিন্নমূল ও অসহায় মানুষ। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মধ্যরাতে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জেলা পুলিশের উদ্যোগে তিন শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম।শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “পঞ্চগড় দেশের অন্যতম শীতপ্রবণ জেলা।
এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকে। ছিন্নমূল ও অসহায় মানুষ যেন ঠান্ডায় কষ্ট না পায়, সেজন্য জেলা পুলিশ এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছে। আমাদের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল, সেকেন্ড অফিসার কাইয়ূম আলী এবং পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদ হাসান প্রমুখ। গভীর রাতে পুলিশের এই আন্তরিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্টেশনে আশ্রয় নেওয়া সাধারণ মানুষ।