শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:৫৭ পিএম

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন সাধারণ ব্যবসায়ীরা। তবে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

ব্যবসায়ীদের অভিযোগ, কারওয়ান বাজারে প্রতিনিয়ত বিভিন্ন চক্রকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এই জুলুমের প্রতিবাদে সোমবার সকালে তারা একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচি চলাকালে হঠাৎ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা।

হামলায় বেশ কয়েকজন সাধারণ ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। হামলার পর তেজগাঁও ও কারওয়ান বাজার এলাকার দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানেও ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন।সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা।

তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে এই হামলাকারী কারা এবং কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ব্যবসায়ীদের দাবি, যতক্ষণ না এই বাজারে চাঁদাবাজি চিরতরে বন্ধ হবে এবং হামলাকারীদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।