শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:২৯ এএম

আখতারকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক শ্রম ও জনসেবা সরিয়ে রেখে এক অনন্য ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজম খান। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন দিয়ে এই আসনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এটিএম আজম খান লেখেন, বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে রংপুর–৪ আসনে আমি সাংগঠনিক সিদ্ধান্তক্রমে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য অনেক সময় ব্যক্তিগত ও দলীয় আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আমাদের এই ত্যাগ পীরগাছা–কাউনিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিত শক্তিকে আরও বেগবান করবে।পীরগাছা ও কাউনিয়ার জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের অভূতপূর্ব ভালোবাসা ও স্নেহ আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কনকনে শীত উপেক্ষা করে আমার সংগ্রামী সহযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমার হৃদয়ে গেঁথে থাকবে। আল্লাহ আপনাদের এই কোরবানি কবুল করুন।সংগঠনের সিদ্ধান্তের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল থেকে তিনি ঘোষণা করেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এখন থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জোট মনোনীত প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করার জন্য কাজ করবেন।

নির্বাচনী প্রচারণাকালে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে আন্তরিক ক্ষমাও প্রার্থনা করেন।রংপুর-৪ আসনে আজম খানের একটি বড় জনভিত্তি রয়েছে। তবে এনসিপি ও জামায়াতের মধ্যকার দেশব্যাপী আসন সমঝোতার অংশ হিসেবে এই আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। আখতার হোসেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হওয়ায় এবং স্থানীয় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হওয়ায় এই সমঝোতা জোটের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।