শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়া গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৪৩ এএম

খালেদা জিয়া গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতা ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে নারী শিক্ষার প্রসার।

সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, তা অনস্বীকার্য। তাঁর সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ দরিদ্র বিমোচন ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হয়ে আছে বলে তিনি মন্তব্য করেন।

ড. মো. নিজাম উদ্দিন আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। ব্যক্তিজীবনের অপরিসীম ত্যাগ ও প্রতিকূল পরিস্থিতিতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অদম্য দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তার শেষ অংশে উপাচার্য মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী এবং দেশ-বিদেশের অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর অনুসারীদের এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।