শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৪৭ পিএম

চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। এ সময় পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করে।

এদিকে, চবিতে যখন গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, তখন ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে বেগম জিয়ার মূল জানাজা সম্পন্ন হয়।

জানাজার আগে দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন বক্তব্য রাখেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যে তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

তারেক রহমান তাঁর মায়ের দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার ব্যবহারে বা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মায়ের পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সারা দেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শোক পালিত হচ্ছে।