আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকা থেকে বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা সজারুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া ইকোপার্কে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজারুটি একটি ফসলের খেত পেরিয়ে সুপারির বাগানের দিকে যাওয়ার সময় স্থানীয়দের চোখে পড়ে।
উৎসুক জনতা সেটিকে ধরার চেষ্টা করলে প্রাণীটি প্রাণভয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে এলাকাবাসী বাঁশের তৈরি একটি বিশেষ খাঁচা ব্যবহার করে সজারুটিকে পুকুর থেকে বন্দি করেন এবং বন বিভাগে খবর দেন।
বিরল এই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন প্রায় ৮ কেজি।সজারু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কিত্তিনিয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে একনজর দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় জমান। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
পঞ্চগড় বন বিভাগ জানিয়েছে, বর্তমানে সজারুটিকে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকোপার্কে রাখা হয়েছে। সেখানে প্রাণীটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সজারুটিকে গভীর বনে অবমুক্ত করা হবে নাকি পার্কে রাখা হবে সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।