জানুয়ারি ১, ২০২৬, ০৩:৪৯ পিএম
বগুড়ার বারপুর এলাকায় ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় বগুড়া সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৩ ডিসেম্বর রাতে বগুড়া সদরের বারপুর এলাকায় অবস্থিত ‘বগুড়া সিএনজি ফিলিং স্টেশন’ ও ‘এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজ’ কেন্দ্রে হানা দেয় ডাকাত দল।
তারা নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা একটি মিনি ট্রাকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে তারা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পলাতক ডাকাতদের ধরতে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশ ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: ১. মোদাচ্ছের হোসেন (২৯): সাং- নাঙ্গলকোট, কুমিল্লা। ২. ইউসুফ লরি (৪৭): সাং- কবিরহাট, নোয়াখালী।
ব্রিফিংয়ে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় এবং অভিযানস্থল থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ও লুণ্ঠিত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে:
১টি জ্যাক গাড়ি (মিনি ট্রাক)
২টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার
৬টি লোহার পাইপ
শর্টগানের ৪টি গুলি
৪টি হাসুয়া, ১টি চাকু ও রশি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন