শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বরিশালে ওয়ার্কার্স পার্টির অফিসে হামলা ও লুটপাট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৫:৩১ পিএম

বরিশালে ওয়ার্কার্স পার্টির অফিসে হামলা ও লুটপাট

বরিশাল নগরীতে তিন মাসের ভাড়া বকেয়া থাকার অজুহাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুর ও মালপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে রাখাল বাবুর পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। এ সময় একই তলায় অবস্থিত ‘গণশিল্পী সংস্থা’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসও তছনছ করা হয়।

অভিযোগ উঠেছে, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ছেলে ও ছাত্রলীগ নেতা তামিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।

৫ আগস্টের পর থেকে যুবলীগ নেতা নিজাম আত্মগোপনে থাকলেও তার ছেলে এই ঘটনার নেতৃত্ব দেন।ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি জাকির হোসেন জানান।

গত ৪০ বছরের বেশি সময় ধরে ওই দ্বিতল টিনশেড বাড়ির নিচতলায় ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, যুব মৈত্রী এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে।তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাড়ির মালিক যুবলীগ নেতা নিজাম আত্মগোপনে রয়েছেন। তবুও আমরা নিয়মিত ভাড়া দিয়ে আসছিলাম। তবে সবশেষ তিন মাসের ভাড়া বকেয়া ছিল।

এজন্য কোনো পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকালে আমাদের অজান্তে অফিসে ভাঙচুর চালানো হয়।”লিখিত অভিযোগে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক এস এম নজরুল ইসলাম নিলু জানান, হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যানসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।