বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার: মাসুমা হাদি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:২২ পিএম

হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার: মাসুমা হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি আর ৫ বছর বেঁচে থাকলে এ দেশ সাধারণ জনতার বাংলাদেশ হতো বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হাজার বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, হাদির মাথায় গুলির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে।

মাসুমা হাদি বলেন, ওসমান হাদি বেঁচে থাকলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দিন শেষ হয়ে যেত। এই হত্যাকাণ্ডের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক অনেক এজেন্টের হাত রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে বিপ্লবী সরকার হতে হবে। হাদি হত্যার বিচার না হলে দেশে আর কোনো পরিবার তাদের সন্তানদের দেশের জন্য উৎসর্গ করবে না। নির্বাচনে টাকার খেলা ও মোটরসাইকেল শোডাউন বন্ধ করে 'বাংলাদেশপন্থি' সৎ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আরও কঠোর হলো না। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনেও ষড়যন্ত্রের আভাস দেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।