শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

শায়েস্তাগঞ্জে ভয়াবহ আগুন, ১৫ কৃষকের বসতঘর ছাই

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:৩৯ পিএম

শায়েস্তাগঞ্জে ভয়াবহ আগুন, ১৫ কৃষকের বসতঘর ছাই

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি কৃষক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সজিব মিয়া।

 রেনু মিয়া ও কাওসার আহমদসহ ১৫ জন কৃষকের ঘরবাড়ি এবং আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক সজিব মিয়ার বসতঘরের বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুনের সূত্রপাত হয়।

আগুনের তীব্রতা বেশি থাকায় ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত শফিক মিয়া আর্তনাদ করে বলেন, "শুধু জীবনটা বাঁচাতে পেরেছি, ঘরের একটা সুতাও রক্ষা করতে পারিনি। মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।